ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এস এম ফারুক হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বোয়ালমারী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলায় ৫ আগস্ট-পরবর্তী একটি বিস্ফোরক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। পাশাপাশি জোড়া হত্যা মামলাসহ তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘোষপুর ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, এস এম ফারুক হোসেন সন্ত্রাসী প্রকৃতির লোক। বালুমহাল ও ভূমি দখল, বিল দখল, হত্যা এবং ভোটকেন্দ্রে অনিয়মসহ নানা অপকর্মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। বিগত সরকারের আমলে সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফারুক এলাকায় সন্ত্রাসের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন।
বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নানা অপকর্মের হোতা হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে ফরিদপুরের বিচারিক আদালতে পাঠানো হবে।
