যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পলকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার দিবাগত
রাত ১ টার দিকে পলের ধানমন্ডির ৫ নাম্বার রোডের ১০ নাম্বার বাসা থেকে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
অবশ্য এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে রেজাউল কবির পলকে তুলে নেওয়ার ব্যাপারে কিছু জানায়নি।
রেজাউল কবির পল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সাবেক সভাপতি
এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
রিজভীর উদ্বেগ: পলকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর।
শুক্রবার এক বিবৃতিতে রিজভী বলেন, চলমান গণআন্দোলনে অবৈধ শাসকগোষ্ঠী তাদের পতনের আশঙ্কায় এতটাই ভীত হয়ে পড়েছে যে,
নিরীহ মানুষসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন ও গ্রেফতারের পাশাপাশি গুমের মতো চরম মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত করে যাচ্ছে।
গতরাতে রেজাউল কবির পল-কে সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনা সেই হাড়হিম করা মানবতাবিরোধী অপরাধেরই অংশ।
বিএনপির অন্যতম জ্যৈষ্ঠ এই নেতা বলেন,
সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
আর এ কারণেই জনগণের ন্যায্য দাবীর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি শাসক সেজে জনগণকে প্রজা বানিয়ে শাসন ও শোষণ করছেন।
নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন, অপহরণ ও গুম করে
দেশে ভীতিকর অবস্থা সৃষ্টির মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচন একতরফাভাবে করতে সর্বশক্তি নিয়োগ করেছে কর্তৃত্ববাদী সরকার। কিন্তু এটি এবার সম্ভব নয়।
কারণ অবৈধ শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,
রেজাউল কবির পলকে সরকারের গোয়েন্দা সংস্থার লোকজনই তুলে নিয়ে গেছে। তাই তাদেরকেই রেজাউল কবির পলকে পরিবারের কাছে ফেরত দিতে হবে।
তাই অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন :
- শহিদ নূর হোসেন দিবস আজ
- মৌলভীবাজারের জুড়ীতে প্রাক-প্রাথমিক শিক্ষকদের অনিয়ম-নিয়মে পরিণত।
- ৩য় বারের মত শ্রেষ্ঠ প্রতিবেদক মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক লিংকন
- আখাউড়ায় মায়ের মৃত্যুর পর বিলাপ করতে করতে মারা গেলেন ছেলে
