খালেদা জিয়া:এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন 

১৮ জুন সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা, ১৯ জুন ২০২৫ : স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১২টার দিকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় ওনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড আশা করেছে যে বাসায় চিকিৎসা সেবায় ওনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে যান। সেখানে তিনি ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। পরে লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন বিএনপি চেয়ারপাসন। লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি।

ঢাকায় আসার পর গুলশানের বাসভবনে থেকেই চিকিৎসা নেন খালেদা জিয়া। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাঁকে চিকিৎসা সেবা দিচ্ছে। লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

বেগম খালেদা জিয়ার হাসাপাতালে যাওয়াকে কেন্দ্র করে গুলশান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার পুরো রাস্তায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন।  এসময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো পরিবেশ।।

 

এন  এ এন  টিভি