ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷

আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান,

সাংগঠনিক সম্পাদক আল ইমরান হোসেন, সরকারি আজিজুল কলেজ শাখা ছাত্রলীগ এর কর্মী সাদেকুল ইসলাম শুভ, জোবায়ের সরদার সিহাব এবং মোহন সরদার।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) অবরোধবিরোধী মিছিল ও বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে জেলা ছাত্রলীগ এর সভাপতিসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করেই ওই নেতাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে৷

বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারের পাশাপাশি ওই ছয় নেতাকর্মীদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না

তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান তৌহিদ বলেন, ‘কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে বলার কিছু নেই।

তবে সঠিক তদন্ত করে যদি সিদ্ধান্ত নিতো-তাহলে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ইতিবাচক বার্তা আসতো।’

এবিষয়ে মাহফুজার রহমান বলেন, ‘আমি এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি সাতদিনের মধ্যে লিখিত জবাব দিব।’

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কখনোই বিশৃঙ্খলাকারীদের প্রশ্রয় দেয় না।

যার প্রমাণ এই নেতাকর্মীদের বহিষ্কার। সংগঠন করতে হলে সংগঠনের চেইন অব কমান্ড মেনেই করতে হবে৷’

এর আগে, ২০২২ সালের ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির সহ সভাপতি করা হয় তৌহিদুর রহমান আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় মাহফুজার রহমানকে।

 

তখন থেকেই তৌহিদ ও মাহফুজার কমিটিকে প্রত্যাখ্যান করে বগুড়া জেলা তৃণমূল ছাত্রলীগের নামে আলাদা ব্যানারে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি করেন।

এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে তাদের মধ্যে কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card