বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ। দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ অন্যান্য বিষয় নিষ্পত্তির দায়িত্বও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন আদালত।
রবিবার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
জামায়াতের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।
রায় ঘোষণার পর জামায়াতের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেন এবং দলের দীর্ঘদিনের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফেরত পাওয়ার আশাবাদ জানান।
নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম জানান, রায়ের কপি হাতে পেলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল হয়। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন ও প্রতীক বাতিল করে।
২০২৪ সালের ১ আগস্ট জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ৫ আগস্ট সরকার পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের আবির্ভাবের পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
