নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷
সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা তিনটায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন৷ তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন৷
ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত৷ বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি৷ তবে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে৷ জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার৷
এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ৷ এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন, এমন আলোচনাও শোনা গিয়েছিল৷ সম্প্রতি গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ৷ বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয়৷ এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে৷
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন৷ অভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে আনার বিষয়টি তিনিই ফেসবুকে পোস্ট করেছিলেন৷ সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ৷ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷
আসিফ মাহমুদ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন৷ সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন৷ ছাত্রজীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হন আসিফ মাহমুদ। ক্যাম্পাসে নির্যাতনবিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন৷ পরে ২০২৩ সালে ছাত্র অধিকার পরিষদের একটি অংশের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যে নতুন ছাত্রসংগঠন গঠিত হয়, আসিফ মাহমুদ ছিলেন এর অন্যতম উদ্যোক্তা তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন৷ জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের অধিকাংশই ছিলেন এই ছাত্রশক্তির নেতা৷
অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ৷ সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি৷

One Reply to “সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ”
Comments are closed.