এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। যা কখনো একটার সঙ্গে আরেকটা মিশে না।

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনসিপি ও জামায়াতের সম্পর্ক টিকবে না দাবি করে রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল। সেই সময় ডা. তাসনিম জারার মতো তরুণ নেতৃত্বরা এনসিপি থেকে বের হয়ে যায়। জামায়াতের সঙ্গে এনসিপির জোট তরুণ নেতৃত্বরা মেনে নিতে পারেনি। এখন আবার সামান্তা শারমিন এনসিপি থেকে বের হয়ে গেলেন। এনসিপি যদি জামায়াত জোট থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন, তারা এভাবেই এনসিপি থেকে দিনে দিনে বের হয়ে আসবে।

তিনি আরও বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বলে। কিন্তু জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচিত। এরই মধ্যে গতকাল থেকে কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা মুফতি আমির হামজার অডিও রেকর্ড আমার কাছে এসেছে। আমি সেটির ফ্যাক্ট চেক করে সত্যতাও পেয়েছি। জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয়।

Share this news as a Photo Card