জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই প্রক্রিয়াতে বিশ্বাসী।’

আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা পঁচাত্তর-পরবর্তী অন্ধকার সময়ে দেশে ফিরে হাল ধরেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য তিনি লড়াই-সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ আলোর পথে চলছে। শেখ হাসিনা যত দিন নেতৃত্বে থাকবেন, দেশ আলোর পথ থেকে কখনোই বিচ্যুত হবে না।’

তৎকালীন জগন্নাথ কলেজে নিজের ছাত্রজীবন ও ছাত্ররাজনীতির স্মৃতিচারণা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যখন জগন্নাথ কলেজে (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে) ইন্টারমিডিয়েটে পড়ি তখন ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা দিলেন। নেতারা আমাদের তখন ছয় দফার মূল ভিত্তি বোঝাতেন। জগন্নাথে ভর্তি হওয়ার পর থেকেই আমার রাজনৈতিক জীবন গতি পায়। এখানে না পড়লে আমি হয়তো একজন বীর মুক্তিযোদ্ধা, নেতা ও মন্ত্রী হওয়ার দুর্বার গতি অর্জন করতে পারতাম না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলামসহ প্রাক্তন শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকত।

 

Share this news as a Photo Card