এশিয়া কাপ: ফাইনালে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের জেসি

চলছে নারী এশিয়া কাপের নবম আসর। চলতি এ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও রোববার (২৮ জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। দুপুরে ডাম্বুলায় শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা।

দুপুর সাড়ে তিনটায় ভারত অষ্টম আর শ্রীলঙ্কা তাদের প্রথম শিরোপার খোঁজে একে অপরের মোকাবিলা করবে। শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ এ ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জেসি। এবারের এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে।

নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের অধ্যায় খুব বেশিদিনের নয়। এ বছরের মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরিকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করে।

২০০৪ থেকে নারী এশিয়া কাপের ইতিহাসে সবগুলো আসরে অর্থাৎ টানা ৯ বারই ফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টি এখন পর্যন্ত ভারতকে ৭ বার এবং বাংলাদেশকে ১ বার চ্যাম্পিয়ন করেছে। এছাড়া অন্যকোনো দল নারী এশিয়ার শ্রেষ্ঠত্বের তকমা এখনো গায়ে মাখতে পারেনি।

এদিকে আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারত দারুণ ছন্দে আছে। ফাইনালে তাই লঙ্কানদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে শেফালি ভার্মারা। এ ছাড়াও নারী এশিয়া কাপের ইতিহাসে এর আগে ৮ বারের মধ্যে ৭ বারই ট্রফি ঘরে তুলেছে ভারত।

অন্যদিকে ঘরের মাঠে ফাইনালে ট্রফি জয়ের দিকে চোখ লঙ্কানদের। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলতে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিকরা।

এনএএন টিভি