নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শ্রীলঙ্কার হারের পর পুরস্কার বিতরণী নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এর মধ্যেই নতুন করে আলোচনায় পাকিস্তানের মন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। গ্যালারিতে দর্শকদের ‘ট্রফি চোর, ট্রফি চোর’ স্লোগানের মুখে দ্রুত স্টেডিয়াম ছাড়তে দেখা গেছে তাকে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে。
রবিবার রাতে (১৩ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এসিসি সভাপতি নাকভির। প্রতিবেদনে বলা হয়েছে, নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের পদক দেওয়ার পর সেখান থেকে সরে যান। এরপর স্টেডিয়ামের গ্যালারিতে তাকে লক্ষ্য করে দর্শকদের একাংশ ‘ট্রফি চোর’ স্লোগান দিতে শুরু করে। ভিডিওতে নাকভিকে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যেতে এবং স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়।
এদিকে পুরস্কার বিতরণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিবেদন ও দাবি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন এমন দাবিও রয়েছে।
