দাপটের সঙ্গেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। কানাডাকে রীতিমতো উড়িয়ে দিয়ে পরবর্তী ধাপে ওঠার টিকিট কাটে দলটি। কানাডার হারে তাদের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে ২০২৪ সালের সেমিফাইনালিস্ট আফগানিস্তানেরও। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে শেষ আটে উঠেছে কিউইরা।
আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে চলতি আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে কানাডা। ওপেনিং জুটিতেই শতক ছুঁয়ে ফেলে তারা। যুবরাজ সামরা ও দিলপ্রীত বাজওয়ার ১১৬ রানের জুটি দলকে এনে দেয় শক্ত ভিত।
বাজওয়া ৩৬ রান করে থামলেও যুবরাজ খেলেন স্মরণীয় ইনিংস- ৬৫ বলে ১১০ রান, ১১ চার ও ৬ ছক্কায় সাজানো। মাত্র ৫৮ বলেই পূর্ণ করেন শতক, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কাতারে তোলে। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে সম্ভাব্য বড় স্কোরে পৌঁছাতে পারেনি কানাডা।
১৭৪ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। চার বলের ব্যবধানে ফিরে যান টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেন (২১)। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের জুটি।
