পনের মাসের জন্য নিষিদ্ধ হলেন ইউএই ক্রিকেটার

নিষিদ্ধ পদার্থ সেবসেনর দায়ে সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) ব্যাটার আসিফ খানকে সব ধরনের ক্রিকেট থেকে ১৫ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট)নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন। গত ৮ সেপ্টেম্বর ‘আউট-অফ-কম্পিটিশন’ (ম্যাচের বাইরের সময়ের) পরীক্ষায় তার নমুনাতে ‘মেস্টেরোলোন’-এর মেটাবোলাইট শনাক্ত হয়েছিল।

২.১ ধারা অনুযায়ী কোনো ক্রিকেটারের মূত্র বা রক্তে নিষিদ্ধ পদার্থ, সেটির মেটাবোলাইট বা মার্কার পাওয়া গেলে তা অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) এবং আইসিসির সঙ্গে করা ‘কেস রেজোলিউশন এগ্রিমেন্ট’ বা মামলা নিষ্পত্তির চুক্তির আওতায় আসিফ এই নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেছেন।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, মামলা নিষ্পত্তির চুক্তি-এর আওতায় আপিল করার কোনো সুযোগ নেই। সাধারণত মূত্রের নমুনায় পাওয়া মেস্টেরোলোন হলো একটি কৃত্রিম অ্যানাবলিক-অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড। যা ‘ওয়াডা’-র নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা চলাকালীন এবং প্রতিযোগিতা বহির্ভূত উভয় সময়েই নিষিদ্ধ।

আসিফ ৮ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতের সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে অনুশীলনে ফিরতে পারবেন, তবে ৮ ডিসেম্বর পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানোর আগে, এই ডানহাতি ব্যাটার ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে আসিফ সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৩৮টি ওয়ানডে ম্যাচে ১২৭০ রান এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩০২ রান করেছেন। ১৫ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে, ২০২৫ সালে তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card