জাতীয় দলের ব্যস্ততা না থাকায় বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।
এশিয়া কাপের আগেই দুটি লিগ খেলে সাকিব ও কানাডার লিগ খেলে লিটন জাতীয় দলে যোগ দেবেন।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব।
একই লিগের দল সারে জাগুয়ার্সের খেলবেন লিটন। কানাডার টুর্নামেন্টের তৃতীয় আসর চলবে ২৯ জুলাই থেকে ৬ আগস্ট।
আর লঙ্কা প্রিমিয়ার লিগ হবে ৩০ জুলাই থেকে ২০ আগস্ট। সাকিবকে লঙ্কা প্রিমিয়ার লিগের গল টাইটান্স সরাসরি দলে নিয়েছে।
কানাডার টুর্নামেন্ট খেলে সরাসরি লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিবেন সাকিব।
এ দুই লিগের সময় বাংলাদেশ দলের কোন খেলা নেই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হবে ১৬ জুলাই। এরপর ক্রিকেটারদের ছুটি।
ওই সময়ে দুটি লিগ খেলা সাকিবের জন্য দারুণ পাওয়া। পাশাপাশি লিটনও কানাডার লিগ খেলে নিজেকে চাঙা রাখতে পারবেন।
দুই ক্রিকেটারকে তাই এনওসি দেয়ার ব্যাপারে বিসিবি ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস জানান,
‘সাকিব এনওসি নিয়েছে দুটি টুর্নামেন্টের জন্য। লিটন নিয়েছে একটির। আমারাও বোর্ড থেকে তাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছি।’
‘এখন তো কোনো ন্যাশন্যাল ডিউটি নাই। হেড কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।’
‘এই সময়টাই খেলতে পারলে যে ফরম্যাটেই খেলা হোক খেলুক।’
তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের ইনজুরি ঝুঁকি বাড়িয়ে দেয় কিনা এমন প্রশ্নে জালাল জানালেন,
‘ইনজুরিতে তাদের কোনো সমস্যা নাই। আমাদের যেটা হচ্ছে ফাস্ট বোলারদের ইনজুরি দেখা যায় বেশি। লিটন ও সাকিবকে দেখা যাচ্ছে, ওই রকম ইনজুরি প্রবণ না।’
‘যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, সে জন্য আমরা অ্যালাউ করেছি। ২০ তারিখের মধ্যে তারা ঢাকায় থাকবে।’
‘আবার টিমের সঙ্গে জয়েন করতে পারবে। আরও ১০ দিন থাকবে। এখানে কোনো সমস্যা নেই। তারা খেলবে।’
