টি-২০ বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ৮ জুন। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল।
শনিবার (১ জুন) বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতে বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে দারুণ বোলিং করছিলেন শরিফুল ইসলাম। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট পেয়েছিলেন। তবে নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বাঁহাতেই (মধ্যমা ও বুড়ো আঙুলের মাঝে) চোট পান এই পেসার। পরে তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন শরিফুল। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে জানান, শরিফুলের হাতে রক্ত ঝরেছে। তবে বাংলাদেশ সময় রাত দেড়টায় জানা যায়নি তার হাতে কয়টা সেলাই লাগবে আসলে। নিউইয়র্কের একজন শল্যবিদের পরামর্শ নিয়ে তবেই শরিফুলের হাতের সেলাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
তবে হাতের যে অবস্থা দাঁড়িয়েছে, শরীফুলের হাতে সেলাই পড়ার সম্ভাবনা বেশি। আর এতেই তাকে নিয়ে সংশয় জেগেছে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া যাবে তো শরিফুলকে? একমাত্র যুক্তরাষ্ট্রের উন্নত চিকিৎসা ব্যবস্থার ওপর ভরসা করে তাকে নিয়ে এখনও আশা ছাড়ছে না বাংলাদেশ। তাসকিন আহমেদকে নিয়ে অনিশ্চয়তা, এখন শরীফুলের চোটও যদি গুরুতর হয়, তাহলে ডালাসে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের পরীক্ষাটা আরও কঠিন হবে নিশ্চিতভাবেই বলা যায়।
