ভেজা মাঠ নিয়ে ক্ষুব্ধ মেসি, বললেন ‘কুৎসিত খেলা হয়েছে’

টানা বৃষ্টির কারণে মাঠের প্রায় সব জায়গা জুড়েই জমে ছিল পানি। স্বাভাবিকভাবেই সেখানে খেলতে হিমশিম খেয়েছেন ফুটবলাররা। ছিল চোটে পড়ার ঝুঁকিও। এমন প্রতিকূল পরিবেশ দেখে খেলতে রাজী ছিল না আর্জেন্টিনা। কিন্তু রেফারির সিদ্ধান্তে খেলতে বাধ্য হয় তারা। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

বৃষ্টির কারণে মাঠে পানি জমে ছিল। আর্জেন্টিনার মিডফিল্ডার ডি পল তো বলেই দিয়েছেন তারা ফুটবল খেলতে পারেনি। ম্যাচ শেষে ড্রয়ের কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক মেসি।

টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ড্র করেছি কারণ যা করতে চেয়েছি মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’

এনএএন টিভি