মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই অফিস থেকে আইপিএলের ২৬১টি জার্সি চুরির অভিযোগে এক নিরাপত্তা ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরিকৃত জার্সিগুলোর মোট বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা (ভারতীয় মুদ্রায় ৬.৫২ লাখ রুপি)। অভিযুক্ত ফারুক আসলাম খান নামে ওই নিরাপত্তারক্ষী সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর অপরাধ স্বীকার করেছেন।
ঘটনার সূত্রপাত বিসিসিআইয়ের অভ্যন্তরীণ অডিট থেকে। চলতি জুলাই মাসের শুরুতে স্টক পর্যবেক্ষণের সময় দেখা যায়, আইপিএল ২০২৫-এর বিপুল সংখ্যক জার্সি নিখোঁজ। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গত ১৩ জুন একটি বড় কার্টন নিয়ে স্টোররুম থেকে বের হচ্ছেন ফারুক। এতে করে কর্মকর্তাদের সন্দেহ নিশ্চিত হয় এবং ১৭ জুলাই মেরিন ড্রাইভ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
এরপরই চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ফারুক নামে এক নিরাপত্তাকর্মীকে। পুলিশের কাছে অপরাধ স্বীকার করে ফারুক বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে তিনি বাধ্য হয়ে চুরি করেছেন।
তিনি সেই হরিয়ানার ব্যবসায়ীর কাছে জার্সিগুলো কত টাকায় বিক্রি করেছেন, সেটা অবশ্য জানা যায়নি। ওই ব্যবসায়ী অবশ্য পুলিশের কাছে দাবি করেছেন, জার্সিগুলো চুরি করা সেটা তিনি জানতেন না। সেই ব্যবসায়ীর নাম প্রকাশ করা হয়নি।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফারুকের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ হয়েছিল।
ওই ব্যবসায়ীর দাবি, ফারুক নাকি তাকে বলেছিলেন, বিসিসিআই দপ্তরে কাজ চলছে; তাই ঘর খালি করার জন্য জার্সিগুলো তাকে বিক্রি করে দিতে বলা হয়েছে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতোমধ্যে চুরি যাওয়া জার্সিগুলোর মধ্যে ৫০টি উদ্ধার হয়েছে।
