তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ২-১ গোলে। অপর ম্যাচে জয়ের দেখা পেয়েছে আরেক জায়ান্ট লিভারপুল।
ওয়েস্টহামের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা ৩ হারের পর এবার মোহাম্মদ সালাহকে বাইরে রেখে একাদশ সাজান কোচ আর্নেস স্লট। ২১ মিনিটে সহজ সুযোগ মিস করেন দলের নতুন রিক্রুট আলেকসান্দার ইসহাক। ৩৯ মিনিটে হতাশ করেন ফ্লোরিয়ান ভিটস।
বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ডেডলক ভাঙেন ইসহাক। লিভারপুলের জার্সিতে এটিই তার প্রথম গোল। ৮১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাকেতা। ১০ জনের দলে পরিণত হয় ওয়েস্টহাম। ম্যাচের অতিরিক্ত সময়ে স্কোরশিটে নাম তোলেন গাকপো। ২-০ গোলের জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে লিভারপুল।
অপর ম্যাচে স্বস্তির জয় পেয়েছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। টানা ৩ ম্যাচ জয়হীন থাকা রেড ডেভিলস ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ঘরের মাঠে অবশ্য শুরুতে লিড নেয় প্যালেস। সফল স্পটকিকে দলকে লিড এনে দেন মাতেতা।
বিরতির পর দারুণ শটে ম্যানইউকে সমতায় ফেরান জার্কজি। ৬৩ মিনিটে আসে জয়সূচক গোল। গতিময় শটে স্কোর শিটে নাম তোলেন মেসন মাউন্ট। এই জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে উঠে এসেছে রেড ডেভিলস।
