সেমিফাইনালে পিএসজির কাছে দুই লেগেই হেরেছে আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হারে পর, বুধবার (৭ মে) পার্ক দে প্রিন্সেসে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে পাঁচ মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ফরাসি ক্লাবটি। তবে সেমি থেকে বিদায় নিলেও আর্সেনালের কোচ মনে করেন তার দলই এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল ছিল।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হারের পর আর্সেনালের কোচ বলেছিলেন, দ্বিতীয় লেগে স্পেশাল কিছু করে দেখাবে তার দল। তবে দ্বিতীয় লেগে কিছু করে দেখাতে পারেনি আর্সেনাল। দুই গোল হজম করার পর ডিফেন্ডার মারকুইনহোসের ভুলে একটি গোল করতে পারে আর্সেনাল।
তবুও আর্সেনাল কোচ আর্তেতা মনে করেন, টুর্নামেন্টের সেরা দলটাই গতকাল বাদ পড়েছে। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে এই কথা বলেন আর্সেনাল কোচ।
আর্তেতা বলেন, ‘আমি শতভাগ মনে করি… যতটুকু দেখেছি, আমার মনে হয় না আর্সেনালের চেয়ে ভালো কোনো দল এই প্রতিযোগিতায় আছে। কিন্তু আমরাই ছিটকে গেছি। দুই লেগেই আরও বেশি কিছু প্রাপ্য ছিল আমাদের। তবে এ প্রতিযোগিতার মূল ব্যাপার হলো বক্সে ভালো করা এবং দুই প্রান্তের বক্সের ভেতর সাধারণত স্ট্রাইকার ও গোলকিপারই থাকে বেশির ভাগ সময়। ওদের গোলকিপার দুই লেগেই ছিল ম্যাচে সেরা খেলোয়াড়।’
তবে আর্সেনাল কোচের সঙ্গে একমত নন পিএসজির কোচ লুইস এনরিকে। স্প্যানিশ এই কোচ মনে করেন, গোলের খেলা গোল দিয়েই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়।
এনরিকে বলেন, ‘মিকেল আর্তেতা আমার দারুণ এক বন্ধু, কিন্তু তার এই কথায় আমি একমত নই। তারা খেলেছে যেভাবে তারা চায় এবং যেভাবে খেলতে পছন্দ করে। কিন্তু দুই লেগেই আমরা ওদের চেয়ে বেশি গোল করেছি এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর্সেনাল দারুণ খেলেছে, আমাদেরকে ভুগতে হয়েছে। তবে আমরা গোল আদায় করেছি। ফাইনালে খেলা আমাদেরই প্রাপ্য।’
আগামী ৩১ মে বায়ার্ন মিউনিখের মাঠে আলিয়াঞ্জ এরেনায় ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইন্টার মিলান।
