ইউরোপে গিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ!

ফর্টিস এফসি ও চট্টগ্রাম আবাহনী ম্যাচ দিয়ে কাল শেষ হয়েছে ঘরোয়া ফুটবলের ২০২৪–২৫ মৌসুম। আগামী ১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। তার আগে ১ জুন থেকে ১৪ আগস্ট পর্যন্ত দলবদলের সময় পাবে ক্লাবগুলো। ২০২৫–২৬ মৌসুমে প্রিমিয়ার লিগসহ মোট পাঁচটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে। যার মধ্যে থাকছে বহুল আলোচিত সুপার কাপও।

কাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পেশাদার লিগ কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোর মাঝে ইউরোপের কোনো দেশের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যা নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল বলেছেন, ‘আমরা সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলব। সেটা অ্যাওয়ে হতে পারে আবার হোমও হতে পারে। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছা আছে ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলা।’

গত মৌসুমেই সুপার কাপ আয়োজনের চেষ্টা করেছিল লিগ কমিটি। শেষ পর্যন্ত আর হয়নি। এবার সেটি করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। সুপার কাপে খেলবে ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষ চার ক্লাব—মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। এ ছাড়া লিগ শেষ হওয়ার পর আগামী বছরের ২৩ এপ্রিল থেকে মাঠে গড়াবে স্বাধীনতা কাপ। যেখানে কেবল স্থানীয় ফুটবলারাই অংশ নিতে পারবেন। আর নতুন মৌসুম থেকে লিগের চ্যাম্পিয়ন দলকেই কেবল ট্রফি দেওয়া হবে। রানার্সআপ দল ট্রফি পাবে না।

একই দিন বাফুফেতে হওয়া কার্যনির্বাহী কমিটির সভাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে আগামী মৌসুমে ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি ক্লাব পাঁচজন করে বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারবেন। আর ম্যাচ খেলবেন তিনজন। এত দিন ছয়জন বিদেশি নিবন্ধনের সুযোগ ছিল, পাশাপাশি চারজন বিদেশি একাদশে রাখতে পারত ক্লাবগুলো।

অনূর্ধ্ব–২০ দল থেকে একজন ফুটবলারকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘যখন অনূর্ধ্ব–২৩ এবং জাতীয় দলের একসঙ্গে খেলা পড়ে, তখন দল নির্বাচনে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়। আমরা এ বিষয়গুলো বিবেচনায় রেখেই বয়সভিত্তিক ধারণাটা চালু করেছি। যাতে আমাদের পাইপলাইনে অধিকসংখ্যক খেলোয়াড় থাকে।’

আগামী মৌসুম থেকে বাফুফের কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বিপিএলের ম্যাচে ক্লাবের হয়ে ডাগআউটে থাকতে পারবেন না। এ ছাড়া সাফের অন্তর্ভুক্ত সাতটি দেশ থেকে কোনো ফুটবলার বিপিএলের ক্লাবে যুক্ত হলে সেই খেলোয়াড়কে স্থানীয় ফুটবলার হিসেবে গণ্য করা হবে। এ বিষয়ে ইমরুলের ব্যাখ্যা, ‘এতে করে আমাদের খেলোয়াড়দের বিদেশে খেলার সুযোগটা বাড়বে। এটা নিয়ে সাফেও একটা আলোচনা হয়েছে। অন্যদের থেকেও এমন প্রস্তাবনা এসেছে।’

এনএএন টিভি

Share this news as a Photo Card