ইমাদ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন

সাইড স্ট্রেইনের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ইমাদ ওয়াসিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযানের শুরুতে তাই স্পিনিং অলরাউন্ডারকে পাবে না ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নিশ্চিত করেছেন সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগছেন ইমাদ। যার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না ইমাদকে। বাবর বলেন, ‘ইমাদ সাইড স্ট্রেইনে ভুগছেন, তাই সে প্রথম ম্যাচে খেলতে পারবে না।’

পাকিস্তান দলের মেডিকেল বিভাগ আপাতত ইমাদকে বিশ্রামে থাকতে বলেছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে অনুশীলনে পাঁজরে ব্যথা অনুভব করেন ইমাদ। যার কারণে সেই ম্যাচ খেলতে পারেননি তিনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইমাদকে না পাওয়া গেলেও, বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়ার আশায় রয়েছেন বাবর আজম। তিনি বলেন, ‘যদিও সে প্রথম ম্যাচ খেলতে পারছে না। আমরা আশা করছি সে পরের ম্যাচগুলো খেলতে পারবে।’

ইমাদকে হারানো পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। গেল পিএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন এই স্পিন অলরাউন্ডার। পাকিস্তান চাইবে ৩৫ বছর বয়সী ইমাদ যেন দ্রুত সুস্থ হয়ে দ্বিতীয় ম্যাচ থেকেই দলকে সার্ভিস দিতে পারে।

আগামী ৬ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই কানাডার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ম্যাচটা কঠিন হবে পাকিস্তানের জন্য। এরপর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবর আজমের দল। সেই ম্যাচ দিয়ে ফিরতে পারেন ইমাদ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card