দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। যার প্রেক্ষিতে গত মাসেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে জাতীয় স্টেডিয়াম। এবার আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
রবিবার (২৩শে মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জহুর আহমেদ চৌধুরির নাম বদলে চট্টগ্রামের টেস্ট ভেন্যুর নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। একই দিন বদলে দেওয়া হয়েছে আরেকটি টেস্ট ভেন্যুর নাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়ামের নাম এখন থেকে শহিদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।
সম্প্রতি ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। যার ধারাবাহিকতায় আরও দুটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো।
এদিন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায় মিলিয়ে মোট ২০টি ক্রীড়া স্থাপনার নাম বদলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিভাগীয় পর্যায়ে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।
