রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের অলিখিত সেমিফাইনালে লড়ছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। যেখানে প্রতিপক্ষ রংপুরকে ভড়কে দিতে ব্যাট হাতে চমক দেখিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে পাঁচে নেমেছিলেন সিলেটের এই অধিনায়ক। রংপুরের বিপক্ষে নেমে গেছেন আরও আগে। তিনে ব্যাটিং করতে মাঠে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিংয়ে আছেন মাশরাফী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তুলেছে ৮৯ রান। মাঠে আছেন জাকির হাসান এবং মাশরাফী।
রংপুরের বিপক্ষে এদিন পাওয়ারপ্লেতে সাবধানী শুরু করে সিলেটের দুই ওপেনার নাজমুল শান্ত এবং তৌহিদ হৃদয়। দুইজনে পাওয়ারপ্লেতে তোলেন অবিচ্ছিন্ন ৪৪ রান।
পাওয়ারপ্লের পর শেখ মাহেদীকে আবারও নিয়ে আসেন্স রংপুরের অধিনায়ক সোহান। এই ওভার থেকেও ৪ রানের বেশি তুলতে পারেনি সিলেটের দুই ওপেনার।
সিলেটের ইনিংসের প্রথম ছয় আসে অষ্টম ওভারে পেসার রবিউল হক আসলে। এই ডানহাতি পেসারকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারেন ইনিংসের শুরু থেকে সংগ্রাম করতে থাকা হৃদয়।
সতীর্থকে ছয় মারতে দেখে পরের ওভারে নিজেই রংপুর বোলার শেখ মাহেদীকে উড়িয়ে মারেন শান্তও। কাউ কর্ণারের ওপর দিয়ে দারুণ বোলিং করতে থাকা মাহেদীকে বিশাল এক ছয় হাঁকান চলতি বিপিএলের মঞ্চে উড়তে থাকা শান্ত।
তবে ছয় মারার পরের বলেই আউট হয়ে ফেরেন এই ব্যাটসম্যান। মাহেদীর বলে এলবির শিকার হন শান্ত। যদিও আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মাহেদীর বলটিতে ডাউন দ্য ট্র্যাকে আসেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু বল ভেতরে আসায় কোনোরকমে ঠেকিয়ে প্রান্ত বদল করেন সিলেটের দুই ওপেনার।
আউটের আবেদন করা রংপুরের বিপক্ষে সিদ্ধান্ত গেলে রিভিউ নেন সোহান। যেখানে দেখা যায় বল ব্যাট না লেগে প্যাডে লেগেছে এবং এটি সরাসরি স্টাম্পেই আঘাত হানতো। যদিও শান্ত প্রায় ৩ মিটারের মতো এগিয়ে গিয়েছিলেন। তবুও আউটের সিদ্ধান্তই বহাল থাকে।
শান্ত ব্যক্তিগত ৪০ রান করে বিতর্কিত সিদ্ধান্তে ফিরলে ভাঙে জুটিটি। এর আগে সিলেটের দুই ওপেনার ৬৫ রান যোগ করেন। এরপরই সবাইকে চমকে দিয়ে তিনে উঠে আসেন মাশরাফী বিন মোর্ত্তজা।
প্লে-অফের আগের দিনও সবাইকে চমকে দিয়ে পাঁচে ব্যাটিং করতে নামেন মাশরাফী। এদিন সরাসরি ওয়ান ডাউনে। আর নেমেই নিজের খেলা প্রথম দুই বল থেকে একটি করে চার-ছয়ে ১০ রান তুলে ফেলেন সাবেক এই টাইগার অধিনায়ক।
এরপরে আউট হয়ে ফেরেন ব্যাট হাতে সংগ্রাম করতে থাকা হৃদয়। আউট হওয়ার আগে করেন ২৫ বলে ২৫ রান।

Comments are closed.