বিজয়ের দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার বিরূপ কন্ডিশনে প্রথমবার ওয়ানডে জেতার ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল।
দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে জেতার পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে তো বটেই, এসেছে নিজেদের সর্বোচ্চ রান। এছাড়া দেশের বাইরে ব্যক্তিগত সর্বোচ্চ ৯১ রানের কীর্তি গড়েছেন মুর্শিদা খাতুন। মিলেছে রানের হিসেবে রেকর্ড ব্যবধানে জয়ও।
ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি তারা জিতেছে ১১৯ রানের বিশাল ব্যবধানে।
শনিবার (১৬ ডিসেম্বর) বাফেলো পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের ১০০ বলে অপরাজিত ৯১ রানে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে টাইগ্রেসরা। ব্যাট করতে নামা দলের পাঁচ ব্যাটারের রানই দুই অঙ্ক ছুঁয়েছে এদিন।
