কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে কাজের অগ্রগতি জানাতে একটি চিঠি প্রকাশ করেছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। বুধবার (৩০ জুলাই) প্রকাশিত চিঠিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি বার্তা- ভবিষ্যতে মেটার সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে।
চিঠিতে জাকারবার্গ বলেন, ‘সুপারইন্টেলিজেন্স সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে এর সঙ্গে জড়িত রয়েছে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি। তাই কোন মডেল ওপেন সোর্স থাকবে আর কোনটি থাকবে না, সেটা সাবধানতার সঙ্গে বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে ।’
এই বক্তব্য মেটার আগের অবস্থানের সঙ্গে খানিকটা ভিন্ন। এতদিন এলএএমএ (LLaMA) সিরিজের মতো মেটার এআই মডেলগুলোকে ওপেন সোর্স রাখার ওপর গুরুত্ব দিত প্রতিষ্ঠানটি। তবে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, মেটা ভবিষ্যতে আরও উন্নত বা ঝুঁকিপূর্ণ মডেলগুলো ক্লোজড রাখার দিকেই ঝুঁকতে পারে।
২০২৫ সালের জুনে মেটা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিয়ে বড় ঘোষণা দেয়। ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা গঠন করে নতুন ইউনিট ‘Meta Superintelligence Labs’। এই ইউনিটের অধীনে এখন উন্নতমানের ক্লোজড মডেল তৈরির কাজ চলছে। পরীক্ষামূলকভাবে তৈরি হওয়া ‘Behemoth’ নামের মডেলটির ওপেন টেস্ট বন্ধ বলে জানা গেছে।
চিঠিতে জুকারবার্গ আরও জানান, ভবিষ্যতের এআই থাকবে ব্যক্তিগত ডিভাইসেই। স্মার্ট গ্লাস, ভিআর হেডসেট— এইসব ডিভাইসই মানুষের সঙ্গে সারাক্ষণ থাকবে এবং বুঝবে সে কী চায়, কী করছে।
তিনি বলেন, “আমরা এখনো শক্তিশালী ওপেন মডেল তৈরি করব। পাশাপাশি ক্লোজড মডেল নিয়েও কাজ চলবে।”
