১৬ অ্যাপ মুছে দিলো গুগল প্লে স্টোর

সম্প্রতি ১৬টি অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল প্লে স্টোর। একাধিক কারণ দেখিয়ে এসব অ্যাপ সরিয়েছে গুগল। এর অন্যতম কারণ হিসেবে গুগল জানিয়েছে, এসব অ্যাপ দ্রুত চার্জ ব্যয় ও অত্যধিক ডাটা খরচ করে থাকে।

এ ছাড়া টেক জায়ান্ট গুগল দাবি করেছে, বিভিন্ন সেবার প্রলোভন দেখানোয় অনেকেই অ্যাপগুলো নামিয়ে থাকেন। মুঠোফোনে প্রবেশের পরপরই গোপনে বিভিন্ন ওয়েবসাইট চালু করে বিজ্ঞাপনে ক্লিক করতে বাধ্য করে অ্যাপগুলো। অ্যাপগুলোর বিরুদ্ধে সিকিউরিটি জনিত সমস্যা পাওয়া গেছে।

ম্যাকাফির বরাতে প্রযুক্তি বিষয় ওয়েবসাইট গ্যাজেটস নাও জানিয়েছে, এসব অ্যাপ ডাউনলোড হওয়ার পর ওপেন করা হলে কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই বিজ্ঞাপনে চলে যায়। তাই অ্যাপগুলো ‘ফ্রড’ হিসেবে চিহ্নিত হয়েছে।

এআরএস টেকনিকা জানিয়েছে, এসব অ্যাপ গুগল প্লে স্টোর থেকে একেবারে রিমুভ করা হয়েছে।

অ্যাপগুলো হলো- ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার, হাইস্পিড ক্যামেরা, স্মার্ট টাস্ক ম্যানেজার, ফ্ল্যাশলাইটপ্লাস, মেমোক্যালেন্ডার, এইটকে-ডিকশনারি, বুসানবাস, ফ্ল্যাশলাইট, কুইক নোট, কারেন্সি কনভার্টার, জয়কোড, ইজেডডিকা, ইজেড নোটস, ক্যান্ডলেনকমডটফ্ল্যাশলাইট, ডাবললাইনডটক্যালকুল ও ইমেজভল্ট ফ্ল্যাশলাইটপ্লাস।