গাজীপুরের টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনায় অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে টঙ্গী বাজার এলাকার মা সফুরউননেছা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর রাত দেড়টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মার্কেটটির একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। আগুনের তীব্রতা দেখে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা যার যার সামর্থ্য অনুযায়ী পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে তারা ব্যর্থ হন।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে মার্কেটটির অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card