সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৫৫ লাখ লিটার ভোজ্যতেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ৩২৪ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২৬ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বলেন,
টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৫৫ লাখ লিটার ভোজ্যতেল এবং
৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
এতে ৩২৪ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।
এর মধ্যে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে
৮০ লাখ লিটার সয়াবিন তেল মেঘনা এডিবল অয়েলস রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ১৬ লাখ টাকায় কেনা হবে।
একই মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় (ডিএমপি) পদ্ধতিতে ৭৫ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে।
এতে মোট খরচ হবে ১১৭ কোটি ৭৫ লাখ টাকা।
এই তেল মজুমদার প্রোডাক্টস অ্যান্ড মজুমদার ব্র্যান্ড লিমিটেড, অ্যাগ্রোপ্রোডাক্টস লিমিটেড এবং
আলী ন্যাশনাল ওয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের থেকে কেনা হবে বলে জানিয়ে সাঈদ মাহমুদ খান বলেন,
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে।
২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই মসুর ডাল নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।
