বীরগঞ্জে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জে প্রায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র রায় নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ঘটনাটি গতকাল (শুক্রবার) বিকেল এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শৈলেন চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামের শ্রী গুরু চরণের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে অভিযুক্ত শৈলেন চন্দ্র রায় টেলিভিশন দেখার কথা বলে পাঁচ বছর সাত মাস বয়সি ওই কন্যাশিশুকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিজের শয়নকক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সেখানে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে। বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান মামলাটির তদন্ত শুরু করেছেন।

 

এনএএন টিভি