আন্দোলনকারীরা ছেড়ে দিয়েছেন মিরপুর ১০ নম্বর গোলচত্বর

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা ছেড়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বিকেল পাঁচটার দিকে আন্দোলনকারীরা সরে গেলে কিছুক্ষণ পর যান চলাচল শুরু হয়।

এর আগে আজ বেলা দুইটা থেকে গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পল্লবী, আগারগাঁও, মিরপুর ১ নম্বর ও ১৪ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরের দিকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে আসেন। তাঁরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীদের বেশির ভাগেরই গলায় পরিচয়পত্র ছিল। আন্দোলনকারীরা সেখানে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা ছিল। কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা।

আন্দোলনকারীরা মিছিল নিয়ে ১০ নম্বর গোলচত্বরের দিকে আসার আগে সেখানে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছিল। তবে দলে দলে শিক্ষার্থীরা আসতে থাকলে পুলিশ সেখান থেকে সরে মিরপুর ২ নম্বরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে অবস্থান নেয়। গোলচত্বর এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল।

আরও পড়ুন:

১. শিক্ষার্থীদের বিক্ষোভে নারায়ণগঞ্জের সব প্রবেশপথ বন্ধ

২. আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয় –প্রাথমিক ও গণশিক্ষা সচিব

৩. ঢাকায় শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা

৪. ৬ সমন্বয়ককে জোর করে মিথ্যা বিবৃতি নেয়ার অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান

৫. শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করার নির্দেশ দেওয়া হয়েছে : কাদের

 

এনএএন টিভি

Share this news as a Photo Card