জাহাঙ্গীর, ইমামুল ও শাহাবুদ্দীন গড়ইখালী কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত

পাইকগাছার গড়ইখালী শহীদ আয়ুব ও মূসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে জাহাঙ্গীর, ইমামুল ও শাহাবুদ্দীন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত কলেজ মিলনায়তনে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৪৪ জন ভোটারের মধ্যে ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অভিভাবক প্রতিনিধির ৩ টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মাছ প্রতীকে ১৭৩ ভোট পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম সরদার, ছাতা প্রতীকে ১৩৮ ভোট পেয়ে গাজী মোঃ ইমামুল হক ও বই প্রতীকে ১৩৬ ভোট পেয়ে শাহাবুদ্দীন গাইন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। পরাজিত প্রার্থীদের মধ্যে আব্দুল হামিদ গাইন দোয়াত কলম প্রতীকে ১১৮, নিত্যানন্দ মন্ডল আনারস প্রতীকে ১১২ ও মনি মোহন মন্ডল চেয়ার প্রতীকে ৯৭ ভোট পান।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিলেন কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সহকারী অধ্যাপক পিযুষ কান্তি ঘোষ। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন প্রভাষক জিএম জায়েদুল ইসলাম। উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, সাবেক চেয়ারম্যান গাজী মোঃ মোস্তফা কামাল বন্ধন ও ক্যাম্প ইনচার্জ মোঃ আব্দুল আহাদ।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card