গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের শুরু হয়েছে।
“শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়।
র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, সিনিয়র মৎস কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল ওহাব শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ বলেন, শিশু থেকে প্রবীন সব বয়সের মানুষের পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এতে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ার পাশাপাশি সুস্থ্য থাকতে পারবে। ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে। এই সময়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দেয়া হবে।
এনএএন টিভি / হাবিবুল্লাহ খান
