নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো. আরাফাত হোসেন (৬) ও তার খালাতো ভাই মো. জুনায়েদ হোসেনের (৭) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মিয়াজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরাফাত মিয়াজানপুর গ্রামের বাসিন্দা হারুন মাতাব্বরের ছেলে এবং জুনায়েদ মুন্সিগঞ্জের বাসিন্দা মো. স্বপন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জুনায়েদ ১ এপ্রিল তার মা–বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। একই সময়ে তার খালার পরিবারও বেড়াতে আসে। গতকাল দুপুরের দিকে দুই খালাতো ভাই নানার বাড়ির পুকুরঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় শিশু দুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card