মুন্সিগঞ্জে গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

মুন্সীগঞ্জের টংগিবাড়ী-লৌহজং সংযোগ সেতুর ওপর থেমে থাকা গাংচিল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত যাহাবির মিয়ার (১৪) লৌহজং উপজেলা পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

জানা গেছে, ওই বাসে মশার কয়েল জ্বালিয়ে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর চালক দ্রুত বেরিয়ে যেতে পারলেও হেলপার বের হতে পারেননি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, মশার কয়েলের আগুনে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ভিন্ন কোন ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করলে জানা যাবে।

এনএএন টিভি