কক্সবাজারের রামুর মনিরঝিল-সোনাইছড়ি সংযোগ সড়কের উপর নির্মিত ডিঙ্গাকাটা সেতুটি পাহাড়ি ঢলে ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।
জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে রামু উপজেলার রাজারকুল-কাউয়ারখোপসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। বর্তমানে দুপাড়ে যানচলাচল বন্ধ রয়েছে। বাঁশ ও গাছ দিয়ে সেতু কোন রকম নির্মাণ করে ঝুঁকি নিয়ে চলচল করছে স্থানীয় লোকজন ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দা কৃষক রতন বড়ুয়া জানান, ডিঙ্গাকাটা সেতুটি ভেঙে যাওয়ার ফলে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকার লোকজন, যান চলাচল বন্ধ থাকায় কৃষকেরা কৃষি পণ্য নিয়ে রামু বাজারে বিক্রি করতে যেতে পারছে না, দ্রুত সেতুটি পুনরায় নির্মাণ করার দাবি তার।
সোনাইছড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা রুকনা বড়ুয়া বলেন, পাহাড়ি ঢলে ডিঙ্গাকাটা সেতুটি ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসায়ীক ক্ষেত্রে যাতায়াতের এটি বড় বাধাঁ হয়ে দাড়িয়েছে।

২৩-২৪ অর্থবছরে ডিঙ্গাকাটা এই সেতুুটি নির্মাণ করা হয় ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে। জনগুরুত্বপূর্ণ সেতুটি দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি সশীল মহলের।
এনএএন টিভি/আবদুল মালেক সিকদার রামু
