ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের

রাজধানীর খিলগাঁও থেকে ট্রেনে উঠার সময় পায়ের আঙুল কাটা পড়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

আজ রবিবার বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক আনু মুহাম্মদ বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার পায়ের আঙুল কাটা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় থেকে হাসপাতালে নিয়ে আসা মাহাতাব নামে এক ব্যক্তি বলেন, অধ্যাপক আনু মোহাম্মদ খিলগাঁও রেলগেট এলাকায় ধীরে চলতে থাকা একটি ট্রেনে করে কমলাপুর যাওয়ার জন্য ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙ্গুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মোহাম্মাদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

এনএএন টিভি