গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর টু বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মাফিজ মণ্ডল (৬৫)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে।
নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, মাফিজ মণ্ডল তিনদিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার কেনেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল।
বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নতুন কেনা প্রাইভেটকার নিয়ে প্রাইভেটকারের বাকি কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওনা দেন।
কিছুদূর যাওয়ার পর বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজে গেলে ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁকা পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।
স্থানীয়রা এসে গাড়ির জানালার কাঁচ ভেঙে মাফিজ মণ্ডলকে মৃত অবস্থায় ও চালক রুবেলকে আহতবস্থায় উদ্ধার করে। চালক রুবেলকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বলেন, প্রাইভেটকার ডোবায় পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।

Comments are closed.