ইনানী সৈকতের জেটি দ্বিখণ্ডিত : ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারের ইনানী সৈকতে নির্মিত নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, “কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় জেটিটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। কারণ ঘূর্ণি ঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। গত রাত ২/৩টার সময় ছিল পূর্ণ জোয়ার। এই সময় ঢেউয়ের প্রচণ্ডতায় জেটির সাথে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কা লাগে, এতেই এ দুর্ঘটনা ঘটে।
জেটি ঘাটের এক চা দোকানী জানান, “বার্জটি জেটির সাথে বেঁধে রাখায় মধ্যরাত থেকে বাতাসের ধাক্কায় বড় বড় আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু এ সময় কেউ জেটিতে ও বার্জে ছিলনা। এমনকি গভীর রাতে জেটি ভেঙে যাওয়ার পরও সকাল ১০টা পর্যন্ত কোন লোক কে জেটির আশপাশে দেখা যায়নি।”
এদিকে বিগত বছর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ আসা-যাওয়া করছিল উক্ত জেটি দিয়ে। আগামী ১ নভেম্বর থেকেও জেটি দিয়ে দ্বীপে যাতায়াতের প্রস্তুতি নিচ্ছিল জাহাজ কোম্পানিগুলো।