ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে তিনদিন ও পরে তিনদিন—মোট ছয়দিন দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ প্রস্তুতি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানান, জরুরি পণ্য পরিবহন যেমন—গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানিবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

উপদেষ্টা আরও বলেন, “মহাসড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না। প্রতিটি হাটে সীমানা নির্ধারণ করে কঠোরভাবে মনিটরিং করা হবে।” বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত জ্বালানি আমদানির প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভাড়া নিয়ে যাত্রী হয়রানি রোধে এবং যাত্রী নিরাপত্তায় বাড়তি নজরদারির কথা উল্লেখ করে তিনি বলেন, “চাঁদাবাজি বন্ধ ও যাত্রী নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হবে। ছিনতাই রোধে পশুর হাটগুলোর পাশে ব্যাংক বুথ স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেলে বাড়তি কোচ সংযোজন ও বিশেষ সার্ভিস চালু করা হবে। “গত রোজার ঈদের মতো এবারও দুর্ঘটনামুক্ত ঈদ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,” বলেন ফাওজুল কবির।

Share this news as a Photo Card