বাইসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর নাটোরে নলডাঙ্গায় হিমেল সরদার নামের এক স্কুল ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হিমেলের ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত হিমেল সরদার উপজেলার পিপরুল গ্রামের টিসিবি ডিলার ফারুক সরদারের ছেলে ও পাটুল-হাপানিয়া স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র। গতরাতে উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো নিহত হিমেলের বন্ধু- একই এলাকার পার্থ,মেহেদি, সুজন ও শিমুল।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও নিহতের পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে হিমেল তার বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর ইফতারের সময় হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি হিমেল। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তারা। এ অবস্থায় নিখোঁজ হিমেলকে উদ্ধারে অনুসন্ধানে নামে পুলিশ। পরে মোবাইল ফোনের সূত্র ধরে হিমেলের বন্ধু পার্থকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
নিহতের বন্ধু আটক পার্থ’র দেওয়া তথ্যমতে রাত দেড়টার দিকে পিপরুল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের একটি ঘর থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় হিমেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হিমেলের বন্ধু মেহেদী, শিমুল ও সুজন নামে আরও তিনজনকে তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে এই হত্যাকান্ডের আসল কারন জানা যাবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে নিহত হিমেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য নাটোরে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
