সেই ‘ফুটপাতের বুফে’র মালিক ভাইরাল হয়ে বিপাকে

রাজধানী আগারগাঁও ফুটপাতে স্বল্প মূল্যে খাবার বিক্রি করা এক বিক্রেতাকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এক বছর আগে মাত্র তিন কেজি চাল দিয়ে ব্যবসা শুরু করা এই বিক্রেতা এখন প্রতিদিন ৩৬ থেকে ৪১ কেজি চাল ব্যবহার করে প্রায় ৪০০ মানুষের খাবার সরবরাহ করেন। সম্প্রতি দুজন পুলিশ কর্মকর্তা তাকে দোকান বন্ধ করার নির্দেশ দেন, যা একজন বিমান বাহিনীর কর্মকর্তার নির্দেশে হয়েছে বলে জানা যায়। ওই কর্মকর্তা দাবি করেন যে, এই জায়গায় কোনো “হোটেল” থাকতে পারবে না।

ভাইরাল হওয়ার পর ‘ফুটপাতের বুফে’ নামে খ্যাত এই হোটেলে বেচা বিক্রি কমার পেছনে একদল ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের দায়ী করলেন মিজান। মিজান জানান, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা দোকানে আসায় রান্নার কাজে ব্যাঘাত ঘটছে। সাক্ষাৎকার দিতে গিয়ে দিনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যাচ্ছে, ফলে খাবার ঠিকমতো রান্না করা যাচ্ছে না। আগে দিনে যেখানে ১২০০ টাকার বেশি বিক্রি হতো, এখন নামতে নামতে ৫০০–৬০০ টাকায় দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘মানুষ বেশি হয়ে গোশত তিন চার পিস করে নিয়ে খেয়ে চলে যায়, আমি কিছু বলতে পারি না। আমি এক ব্যাগ গোশত পাক করি ১০ কেজির, অথচ ডিব্বায় মাত্র ১ হাজার টাকা হয়।’

প্রশাসনের চাপের প্রসঙ্গে মিজান বলেন, ‘পুলিশ এসে আমাকে না করার পরে আমি উল্টাপাল্টা কথা বলেছি তাদের প্রধানকে নিয়ে। অনুরোধ, যেন তারা রাগ না করেন। আমি তো তেমন শিক্ষিত না, যা বুঝি তাই করি।’ এরপরেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

মাগরিবের আগেই বাসায় চলে যেতে হয় বলে জানিয়ে মিজান বলেন, স্ত্রীও এখন তাকে সহ্য করতে পারছেন না। ব্যবসা চরম মন্দায়। সবাইকে অনুরোধ জানালেন, যেন তার হোটেলটি নষ্ট না করা হয়।

এনএএন টিভি 

Share this news as a Photo Card