বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা খুলনার নগরীর ফুলবাড়ি গেট এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফ হত্যা মামলার আসামি।
বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করে রামপাল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার এবং চারটি মুঠোফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সুপার তোহিদুল আরিফ।
গ্রেপ্তারকৃতরা হলো- খুলনার মহেশ্বরপাশা এলাকার হুমায়ুন কবির, ইসতিয়াক শাহরিয়ার, কাজী রায়হান, আসিফ মোল্লা ও ইমন হাওলাদার।
উল্লেখ্য, গত ২৪শে জুন রাত পৌনে ১২টার দিকে কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়।
