“২০ বছরেও সাইফুল-রিপন হত্যা মামলার বিচার হয়নি, বিচারের আশ্বাস এমপির

নরসিংদীর হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপির সাবেক সভাপতি ও জনপ্রিয় শ্রমিক নেতা শহীদ সাইফুল ইসলাম সরকার এবং তাঁর ছোট ভাই শহীদ রিপন সরকার হত্যাকাণ্ডের ২০ বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁদের স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। দীর্ঘ দুই দশক পরও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি উঠেছে তাঁদের ২০তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায়।

গতকাল নরসিংদী সদর উপজেলার হাজীপুর মৌলভীপাড়ায় নরসিংদী সদর থানা শ্রমিক দলের আঞ্চলিক কার্যালয় সংলগ্ন স্থানে শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, ২০ বছর আগে সহোদর দুই ভাইকে একই দিনে একসঙ্গে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষ সংগঠক সাইফুল ইসলাম এবং তাঁর ভাই রিপন সরকারকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “সাইফুল ও রিপন হত্যার বিচার কার্যক্রম চালু করতে প্রয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।”

এ সময় তিনি দুই ভাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সাইফুল ইসলাম সরকার ও শহীদ রিপন সরকারের আপন ভাই, শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এবং নরসিংদী সদর উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ মহালম সরকার।

সভাপতির বক্তব্যে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “২০ বছরেও আমার দুই ভাই হত্যার বিচার হয়নি।” দুই সন্তানকে হারানোর পর তাঁদের বাবা জীবিত অবস্থায় সন্তানদের হত্যার বিচার দেখে যেতে পারেননি। দুই ভাই হত্যার বিচার নিশ্চিত করতে তিনি প্রধান অতিথি সংসদ সদস্য খায়রুল কবির খোকনের কাছে আকুল আবেদন জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ। তিনি দুই সহোদরের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং দীর্ঘ দুই দশক ধরে বিচারপ্রত্যাশী পরিবারের বেদনা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, আলহাজ ফারুক উদ্দিন ভূঁইয়া, বিজি রশিদ নওশের, হারুন উর রশিদ হারুন ও রবিউল ইসলাম রবি তাঁদের বক্তব্যে দুই ভাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ভূঁইয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ভিপি ইলিয়াছ আলী ভূঁইয়া, জেলা বিএনপির গণবিষয়ক সম্পাদক ও যুবদল নেতা আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও নরসিংদী সদর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিদ সরকার।

তাঁরা তাঁদের বক্তব্যে শহীদ সাইফুল ইসলাম সরকার ও শহীদ রিপন সরকার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের ওপর সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়েও কথা বলেন।

শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন সংসদের প্রতিষ্ঠাতা ও নরসিংদী সদর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিদ সরকার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মনির হোসেন ও শামীম হোসেন। তাঁরা দুজনই হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া জাহিদ সরকার অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সার্বিক পরিচালনায় ছিলেন জুয়েল রানা, রুবেল চৌধুরী, মামুন মিয়া, উজ্জল সরকার, উসমান সরকার, আজহারুল ইসলাম ও পারভেজ মাহমুদ।

অনুষ্ঠানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ সাইফুল ইসলাম সরকার ও শহীদ রিপন সরকারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দুই সহোদরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি এবং সংসদ সদস্যের দেওয়া বিচার কার্যক্রম চালুর আশ্বাসের মধ্য দিয়ে তাঁদের ২০তম শাহাদাতবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card