প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ, পুনর্ব্যবহারে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছে।
চিড়িয়াখানা ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় পরিচ্ছন্নতা এবং মশকনিধন কর্মসূচির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ।

উদ্যোগের আওতায় ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারছে। যেখানে সাধারণ প্রবেশ টিকিটের মূল্য ৭০ টাকা। সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য জেলা প্রশাসনের সঙ্গে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের মুঠোফোনের পর্দার বাইরে এসে প্রকৃতি ও প্রাণিজগতের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান তিনি। চিড়িয়াখানায় জেব্রা ও কুমির আনার উদ্যোগের কথাও জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ড. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগর পরিচ্ছন্ন রাখা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।তিনি ডেঙ্গু প্রতিরোধে প্লাস্টিকের পাত্র, বোতল ও ডাবের খোসা যত্রতত্র না ফেলার পাশাপাশি বাড়ির ছাদ, বারান্দা ও আঙিনায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে জাপান থেকে ২০টি কমপ্যাক্টর ডাম্প ট্রাক সিটি করপোরেশনে যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

জেলা প্রশাসক জানান, গত ২৫ জুলাইয়ের পরিচ্ছন্নতা অভিযানে তিন হাজারের বেশি সরকারি ভবন ও প্রতিষ্ঠানের প্রায় এক কোটি বর্গফুট এলাকা থেকে ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়। এ কর্মসূচিতে অংশ নেন ৬ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী এবং ২ হাজার ২৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ছাড়া জেলার বিভিন্ন পুকুর, সমুদ্রসৈকত, মসজিদ, হোটেল-রেস্তোরাঁ এবং বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার তথ্য তুলে ধরেন তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিরা চিড়িয়াখানা প্রাঙ্গণ ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card