নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল রুমী। এ সময় সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিনসহ কার্যকরী সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকদের ঐক্য, অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত ও সামাজিক কল্যাণে সংবাদকর্মী কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে ।

 

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card