নীলফামারীতে ভিসা প্রতারকচক্রের নারী সদস্য গ্রেফতার

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে প্রতারকচক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, মাদারীপুরের কালকিনি পৌরসভার বাসিন্দা আরিফ উদ্দিন (৩৮) কানাডার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হন। প্রতারকচক্র বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে তার কাছ থেকে প্রায় ২৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি দল কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রতারকচক্রের সক্রিয় সদস্য জুই আক্তার (২৪), স্বামী- মনোয়ার হোসেন, সাং- নিতাই ডাঙ্গাপাড়া, থানা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুই আক্তার স্বীকার করেছেন, সহযোগীদের সহায়তায় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।