ফের পেছাল রানা প্লাজা দুর্নীতি মামলার রায়

সাভারের রানা প্লাজা ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় ঘোষণা আবারও পিছিয়ে গেছে। আগামী ৬ অক্টোবর রায় ঘোষণার নতুন দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে ওই দিন পুনরায় যুক্তিতর্কের জন্যও সময় রাখা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর নতুন এই তারিখ ঘোষণা করেন। আজ মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। এর আগে গত ১৬ আগস্টও রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।

মামলার অন্য আসামিরা হলেন–সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব। আসামিদের মধ্যে মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম শুরু থেকেই পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ভবন মালিক সোহেল রানা এই মামলায় জামিনে থাকলেও রানা প্লাজা ধসের ঘটনায় হওয়া হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। আজ রায় উপলক্ষে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ১০ তলা রানা প্লাজা ভবন ধসে ১ হাজার ১৩৬ জন প্রাণ হারান। ভয়াবহ এই দুর্ঘটনার পর ভবন নির্মাণে নকশা জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে দেখা যায়, ৬ তলার অনুমতি নিয়ে তথ্য গোপন করে ভবনটি ১০ তলা করা হয়েছিল এবং শপিং কমপ্লেক্সের জায়গায় পোশাক কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল।

২০১৭ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে রয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card