৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে সিদ্ধিরগঞ্জে জামায়াত ও ১১ দলীয় জোট নেতাদের মাঠ পরিদর্শন

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে ঘোষিত ঐতিহাসিক ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ মিনিট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পথসভাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী এবং কেন্দ্রীয় লংমার্চ বাস্তবায়ন কমিটির শীর্ষ নেতারা।

​মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতা মাওলানা আব্দুল জব্বার। তার সাথে ছিলেন কেন্দ্রীয় লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য এবং জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।
​এছাড়াও পরিদর্শন কমিটিতে ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সহকারী সেক্রেটারি মোঃ জামাল হুসাইন এবং কেন্দ্রীয় লংমার্চ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ

​নেতৃবৃন্দ চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড মাঠ পরিদর্শন করেন এবং ৫ সেপ্টেম্বরের লংমার্চের যাত্রাপথে এখানে আয়োজিতব্য পথসভার মঞ্চ নির্মাণ, মাইক সংযোগ, জনসমাগম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
​মাঠ পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, “আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের চিটাগাংরোডে আমরা ঐতিহাসিক জনসমুদ্র তৈরি করে এই কর্মসূচি সফল করব, ইনশাআল্লাহ।”
​কেন্দ্রীয় নেতা মোহাম্মদ কামাল হোসেন বলেন, “কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আমরা সারা দেশে লংমার্চের রুট পরিদর্শন করছি। নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানকার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।”
​উল্লেখ্য, ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। যাত্রাপথে নারায়ণগঞ্জের চিটাগাংরোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এনএএন টিভি