দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস

দেশের চার বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমন তথ্য জানিয়ে সংস্থাটি বলছে,

‘গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লা ও হাতিয়ায় ২২ মিলিমিটার।’

‘এছাড়া টাঙ্গাইলে ২১, সীতাকুণ্ডে ২০, রাজারহাটে ১৯, সাতক্ষীরা ও ফেনীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।’

সোমবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,

‘রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।’

‘সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।’

পূর্বাভাসে আরও বলা হয়েছে,

‘ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশার বিভাগে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে।’

সংস্থাটি জানায়,

‘গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা কুতুবদিয়ায় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।’

পরবর্তী ৭১ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সংস্থাটি জানিয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,

‘মৌসুমি বায়ুর লঘুচাপের বাড়তি অংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।’

‘এর সঙ্গে সংশ্লিষ্ট অপর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।’

‘মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।’

এনএএন টিভি

Share this news as a Photo Card