একাদশে ভর্তির শেষ ধাপেও কলেজ পাননি ১২ হাজারের বেশি শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফলাফলেও কলেজ পাননি ১২ হাজারের বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে সাড়ে ৭০০ জন মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছেন।

গতকাল শুক্রবার রাতে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ হয়।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, সবমিলিয়ে পাস করেছেন প্রায় পৌঁনে ১৭ লাখ শিক্ষার্থী; যাদের জন্য একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন ছিল।

এরপরও শিক্ষার্থীদের আসন না পাওয়ার জন্য পছন্দক্রমে কেবল নামি কলেজ রাখাকে কারণ হিসেবে দেখছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সব শিক্ষার্থীই পছন্দক্রমে ভালো ভালো কলেজ দিয়েছে। তারা নম্বরের বিষয়টি মাথায় রেখে কলেজ পছন্দ করলে এমনটা হতো না। কারণ, আমাদের তো আসন সংকট নেই।”

আসন না পাওয়া শিক্ষার্থীরা যা করবে

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রতিবছর ভর্তিতে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। আগে এসব শিক্ষার্থীকে সরাসরি আবেদন করতে বলা হলেও এ বছর আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “যারা কলেজ পাননি তাদের ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি। তাদের আমরা আরেকটা সুযোগ দেব। তারা অনলাইনে আবেদনের সুযোগ পাবে।”

ভর্তির পর কলেজ পরিবর্তনের নিয়ম-
 
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির পর কোনো শিক্ষার্থীরা ছাড়পত্র (টিসি) ইস্যু করা যাবে না। কিংবা বোর্ডের পূর্বানুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। 
 
ভর্তি নীতিমালা অনুযায়ী- তিন ধাপে নির্বাচিত এবং সফলভাবে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের আগামী ১৫ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে। এরপর ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই।

এনএএন টিভি