খাগড়াছড়ির পানছড়িতে যাত্রীবাহী সিএনজি উল্টে শিশু নিহত, আহত ৪

খাগড়াছড়ির পানছড়িতে যাত্রীবাহী সিএনজি উল্টে তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা, বোন ও এক বিজিবি সদস্যসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

জানা গেছে, তানিয়া তার মায়ের সঙ্গে পানছড়িতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সকালে নানার বাড়ি থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে প্রিন্সিপাড়া এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তানিয়াসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তানিয়ার মা, বোন ও এক বিজিবি সদস্যসহ চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মায়ের সঙ্গে পানছড়িতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card